আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সৌদি লেখক ‘খাল্ফ হারবী’ এদেশের দৈনিক উকাজে প্রকাশিত তার এক প্রবন্ধে, মহানবী (স.) এর প্রতি অবমাননার জন্য সৌদি মুফতি ‘মুহাম্মাদ আল উরাইফী’র শাস্তির দাবী জানিয়েছেন।
তিনি তার ঐ প্রবন্ধে লিখেছেন : মহানবী (স.) এর প্রতি অবমাননাকারী ব্যক্তিদের বিরুদ্ধে যেভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় ‘উরাইফী’র বিরুদ্ধেও তদ্রূপ ব্যবস্থা নেওয়া উচিত এবং তার ও অন্যের মন্তব্যের মাঝে কোন পার্থক্য সৃষ্টি করা উচিত নয়।
‘জনাব হারবী’, ‘আল উরাইফী’র তওবার কথা উল্লেখ করে বলেন : মুসলমানরা প্রতিক্রিয়া ব্যক্ত করার পর ‘আল উরাইফী’ তওবা করেছেন, আর তাই তা গ্রহণযোগ্য নয়। আর যদি তার তওবা গ্রহণ করা হয় তবে কাশগারী’র তওবাকেও গ্রহণ করতে হবে, যে গত বছর তার লেখায় মহানবী (স.) এর প্রতি অবমাননা করেছিল।
বলাবাহুল্য, সৌদি আরবের মুফতি ‘মুহাম্মাদ আল উরাইফী’ গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের এক চ্যানেলের এক অনুষ্ঠানে দাবী করেন যে, ‘মদ হারাম হওয়ার পূর্বে কেউ কেউ মহানবী (স.) কে মদ উপহার দিত এবং মহানবী (স.) সে মদ বিক্রয় করতেন অথবা কাউকে উপহার দিতেন’।
ওয়াহাবী এ মুফতি আরো দাবী করেছিলেন যে, ‘মদ নাপাক নয়; কেননা মদ হারাম ঘোষিত হওয়ার পর লোকেরা তাদের মদের পাত্র রাস্তায় ঢেলে দিয়েছিল, আর এ কারণে নামাযের উদ্দেশ্যে মসজিদে যাওয়ার সময় সাহাবাগণের পায়ে মদ লেগে যেত’।
মহানবী (স.) এর প্রতি এহেন অবমাননাকর মন্তব্যের বিপরীতে মুসলমানরা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে, ফলশ্রুতিতে তিনি নিজের ভুল স্বীকার করে বলেন : চিন্তা-ভাবনার পর বুঝতে পারলাম যে, আমি আমার মন্তব্য প্রদানে ভুল করেছি, আর এ কারণে আমি মহান আল্লাহর দরবারে তওবা করছি এবং এর মাধ্যমে ঘোষণা করছি যে, সুন্নি মাযহাবের অনুসারীরা মহানবী (স.) এর মর্যাদা ও স্থানের প্রতি সম্মান প্রদর্শন করে এবং তার মর্যাদা সম্পর্কে অবগত।#